স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে জাবির অর্থনীতি বিভাগের সংবাদ সম্মেলন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:০৩

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে '৫০ বছরে বাংলাদেশ: আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা'  শিরোনামে দুইদিনব্যাপী একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি আগামী ১৯ ও ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা ৫০ বছর পার করেছি। স্বাধীনতা পরবর্তী লক্ষ্য, অর্জন ও প্রতিবন্ধকতা সমূহ নিয়েই আলোচনা করা হবে এ সম্মেলনে। এতে মোট ১০টি অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয়গুলোকে সবার কাছে পৌঁছাতে পুস্তক আকারে লিপিবদ্ধ করা হবে। এর মাধ্যমে বর্তমান প্রজন্ম ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি সম্পর্কে জানবে।

তিনি আরো বলেন, সম্মেলনের মূল উদ্দেশ্য আমাদের অর্জনকে বিশ্লেষণ করা। এটি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গুরুত্বপূর্ণ। নব্বইয়ের দশকের পরে জন্মানো শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে সমস্যাগুলো পর্যালোচনা করা হবে, কারণ তারাই আমাদের প্রধান অডিয়েন্স। এতে বড়রা বলবে, তারা শিখবে ও গবেষণা সম্পর্কে জানবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি ও প্রবৃদ্ধি,  কৃষি, খাদ্য ও বন, দারিদ্র্য, বৈষম্য প্রভৃতি বিষয়ে দুইদিনব্যাপী আয়োজনে বিশ্লেষণমূলক আলোচনা করা হবে।

ইত্তেফাক/এসটিএম