বিজয়ের ৫০ বছর উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বিশেষ কুচকাওয়াজ চলছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। বিশেষ কুচকাওয়াজে যোগ দিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়।
এর আগে গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকায় পৌঁছান কোবিন্দ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন তিনি।
সকাল ১০টা ২৫ মিনিটে অশ্বারোহী সজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এর আগে ১০টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টা ২৮ মিনিটে শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসেন সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিরা প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করছেন।
