যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তির আলোচনা বাতিল করছে আমিরাত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২১:৩৩

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র ক্রয় চুক্তির আলোচনা বাতিল করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ওয়াশিংটনে আমিরাত দূতাবাস এই সিদ্ধান্তেরর কথা মার্কিন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আমিরাতের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে যুক্তরাষ্ট্র এখনো প্রস্ত্তত রয়েছে।

এক বিবৃতিতে আমিরাতের দূতাবাস জানিয়েছে, অস্ত্র চুক্তির আলোচনা বাতিল করা হবে। এই সপ্তাহে আরো পরের দিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে উভয় পক্ষের মধ্যে আলোচনার সময় নির্ধারিত রয়েছে। তবে সেখানে অন্য ইসু্যতে আলোচনা হলেও বিক্রয় চুক্তি নিয়ে কোনো কথা হবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছর প্রথম আমিরাত সরকারের সঙ্গে ২ হাজার ৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দেয়। এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল কথিত আব্রাহাম চুক্তি। এই চুক্তির আওতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বাহরাইন, মরক্কো ও সুদান।

মোট ২ হাজার ৩৩৭ কোটি ডলারের প্যাকেজের মধ্যে ছিল জেনারেল অ্যাটোমিকস, লকহেড মার্টিন এবং রাইথিয়ন টেকনোলোজিসের মতো অস্ত্র নির্মাতাদের প্রতিরক্ষা পণ্য। ৫০টি এফ-৩৫ লাইটিনিং টু যুদ্ধবিমান, ১৮টি এমকিউ-৯বি ড্রোন এবং আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন সামরিক পণ্য।

সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের কাছ থেকে এক হাজার ৫৮০ কোটি ডলারে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে সম্মত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র ক্রয় চুক্তির আলোচনা বাতিল করল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমিরাত সফরের সময় এই সম্মতি আসে। ফলে ধারণা করা হচ্ছে, আমিরাত সরকারের হাতে বিকল্প থাকায় চুক্তির আলোচনা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি