পাইকগাছায় গাছি সংকটে খেজুরের রস সংগ্রহ প্রায় বন্ধ 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০১:৫৭

পাইকগাছার বিভিন্ন গ্রামে খেজুর গাছ থাকলেও গাছি সংকট দেখা দিয়েছে। ফলে অধিকাংশ গাছই প্রস্ত্তত করা যাচ্ছে না। প্রায় বন্ধ হয়ে পড়েছে রস আহরণ। 

জানা যায়, পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলে কার্তিক অগ্রহায়ণ মাসে থেকে খেজুর কাজ তোলার হিড়িক পড়ত। সর্বত্রই দেখা যেত খেজুরের পাতা ও ছুবড়া। শীত নিবারণেও জন্য এসব জ্বালিয়ে দল বেঁধে বসে শীত নিবারণ করত অনেকেই। আলু পুড়িয়ে বা রসে আলু সিদ্ধ করে খাওয়ার মজাই ছিল অন্য রকম। 

এ ছাড়া সকালে কাঁচা রস খাওয়া, টাটকা গুড়ের পাটালি বা তার রস গরমে গরম ভাতে রোদে বসেই খাওয়া হতো। উপজেলার অনেকেই জমির আইলের ওপর ও পুকুর ডোবা বা পতিত জমিতে সারিবদ্ধভাবে খেজুর গাছ রোপণ করত। কিন্তু এখন গাছির সংকট থাকায় খেজুর গাছ রোপণ কমে গেছে। 

নগর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান জানান, আমার ৩০-৪০টি খেজুর গাছ রয়েছে। কিন্তু গাছি পাওয়া যাচ্ছে না। এ জন্য এবার অমার কোনো গাছই খেজুরের রস সংগ্রহের জন্য কাটা যায়নি। 

গাছি কামরুল ইসলাম বলেন, উপজেলায় খেজুর গাছ প্রস্ত্ততের চাহিদা অনেক বেশি। গাছি না থাকায় এ অবস্হার সৃষ্টি হয়েছে। আমার পক্ষে এত গাছ প্রস্ত্তত করাও সম্ভব না।

ইত্তেফাক/এএইচপি