ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এ ঘটনায় খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ইটভাটার শ্রমিক।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন দু’জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
