দেশের উত্তরাঞ্চলের দিন দিন বেড়েই চলছে শীত। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই দিন সকাল ৬ টায় তেতুলিয়ায় রেকর্ড হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে এই উপজেলার আশপাশের অন্যান্য স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে। আগামী দু-তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও উত্তাপ বেশি একটা স্থায়ী থাকছে না। দুপুরে গড়াতেই হিম শীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যার পর শুরু হয় শীতের দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
