এবার নেটফ্লিক্সে আসছে নেইমারের সিনেমা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৪৫

সময় এখন নেটফ্লিক্সের। তুমুল জনপ্রিয় এই প্ল্যাটফর্মে সিনেমা, সিরিজ দেখতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এবার ফুটবল ভক্তদের সামনে নেটফ্লিক্স হাজির করতে যাচ্ছে সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবলার নেইমারকে। 

ব্রাজিলিয়ান তারকা নেইমারের জীবনী নিয়ে তিন পর্বের প্রামাণ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’-এর ট্রেইলার প্রকাশ করেছে নেটফ্লিক্স।২০২২ সালের ২৫ জানুয়ারি ডকুসিরিজটি নেটফ্লিক্সে আরম্ভ হওয়ার কথা রয়েছে।

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র কিংবা সংক্ষেপে নেইমার। মেসি-রোনালদোর যুগেও নিজ প্রতিভার গুণে আলো ছড়িয়েছেন যেসব তারকা, নেইমার তাদের মধ্যে অন্যতম। কিন্তু কিভাবে এতটা পথ এলেন নেইমার। কিভাবে এই আকাশছোঁয়া জনপ্রিয়তা ও তরুণ প্রজন্মের ভালোবাসা এসে ধরা দিল তার সামনে। নেইমারের ক্যারিয়ারের সেই পথযাত্রাকেই তুলে ধরা হবে প্রামাণ্যচিত্রের মাধ্যমে।

এছাড়াও, ডেভিড বেকহাম, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবল দুনিয়ার আরও কিছু রথী-মহারথীদের সাথে সাক্ষাৎকারও দেখানো হবে প্রামাণ্যচিত্রে।

ডেভিড চার্লস রদ্রিগেজ পরিচালিত এই ডকুসিরিজের নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন লেব্রন জেমস, ম্যাভেরিক কার্টার, ডেভিন জনসন, ড্যানিয়েল সিলম্যান, জামাল হেন্ডারসন, ফিলিপ বায়রন, রস এম ডাইনারস্টাইন, রস জিরার্ড এবং অ্যাংগাস ওয়াল।


ইত্তেফাক/এনএ