যমুনা সার কারখানার সিবিএ নেতার ওপর হামলার অভিযোগ 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৩০

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সারকারখানার (জেএফসিএল) শ্রমিক-কমর্চারী ইউনিয়ন (সিবিএ) নেতা তোফাজ্জল হোসেনের (৪৫) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেন সিবিএ-এর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তারা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। যমুনা সারকারখানায় চাকুরির সুবাধে ২০০১ সাল থেকে তারা তারাকান্দিতে সপরিবারে বসবাস করছেন। নিজবাড়িতে যাওয়ার উদ্দেশে শুক্রবার সকালে তার স্বামী তোফাজ্জল কান্দারপাড়া বাসস্ট্যান্ডে টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।

তোফাজ্জল হোসেনের সহকর্মী মহি উদ্দিন জানান, করোনার কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে বাড়িতে যেতে পারছিলেন না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তাকে জোরপূর্বক বাজারের ভেতর নিতে চায়। একপর্যায়ে ধ্বস্তাধস্তি শুরু হলে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে জেএফসিএল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কমর্চারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করেন, সিবিএ-এর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ অস্বীকার করে সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, বিষয়টি আমি জানিই না।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, বিষয়টি মৌখিকভাবে জানলেও এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএএম