ইউক্রেন সংকট: প্রথমবারের মতো বিস্তারিত দাবি প্রকাশ করলো রাশিয়া

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২১:৩৪

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনা নিরসনে নিরাপত্তা চুক্তি করতে চায় রাশিয়া। শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রথমবারের মতো এই চুক্তির খসড়া দাবিগুলো প্রকাশ করেছে মস্কো। এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, একটি রাশিয়া-মার্কিন নিরাপত্তা চুক্তি এবং মস্কো ও ন্যাটোর মধ্যে একটি নিরাপত্তা চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। এতে কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছে রাশিয়া।

দাবিগুলো হচ্ছে, ক) পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে। জর্জিয়া ও ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রতিশ্রুতি বাতিল করতে হবে। খ) ইউক্রেন, জর্জিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত দেশ যারা ন্যাটোর সদস্য নয় তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। গ) পরস্পরের ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় এমন এলাকায় যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠাবে না যুক্তরাষ্ট্র-রাশিয়া। ঘ) অন্য পক্ষের অঞ্চলে আঘাত করতে পারে এমন জায়গায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বসানো যাবে না।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ শুক্রবার জানিয়েছেন, জোট রাশিয়ার খসড়া নথি পেয়েছে। তবে দাবিগুলো মানা বা না মানার ব্যাপারে কিছু বলেননি তিনি।

ইত্তেফাক/এসএ