সরাইলে ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ৩ 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২৩:৫৮

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই শ্রমিক।

নিহতরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের জান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), আক্কাস আলীর ছেলে আমজাদ হোসেন (৩০) ও শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)। হতাহতরা সবাই পেশায় ইটভাটার শ্রমিক।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, ভোরে যাত্রীবাহী একটি অটোরিকশা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শহাবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্হলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। গুরুতর আহত হন অটোরিকশার আরো দুই যাত্রী। 

আহতরা হলেন: শাহবাজপুর গ্রামের জালু মিয়ার ছেলে খেজুর মিয়া (৪৫) ও কালা মিয়ার ছেলে কামাল মিয়া (৪০)। তাদের স্হানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনার পর পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের লোকজন ঘটনাস্হলে পৌঁছে আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন। সরাইল হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম বলেন, ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তিনটি লাশ পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএইচপি