সোনারগাঁওয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে ও প্রাথমিক শিক্ষার প্রসার ঘটাতে স্কুল স্থাপন করলেন লায়ন আল মুজাহিদ মল্লিক নামে এক শিল্পপতি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তিনি ঐ স্কুলে স্থানীয়দের নিয়ে বিজয় দিবসে উল্লাসে মেতেছেন।
স্থানীয় সাংবাদিকদের নিয়ে তিনি বিজয় দিবস উদযাপন করেছেন। তিনি এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। বিকালে পুরস্কার বিতরণ করেন। জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয় নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রাম থেকে প্রায় তিন-চার কিলোমিটার দূরে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
দীর্ঘ ৫০ বছর ধরে এ এলাকার শিক্ষার্থীরা হেঁটে দূর-দূরান্তের স্কুলে পড়াশোনা করেছে। বশিরগাঁও গ্রামের আশপাশে প্রায় ১০টি গ্রাম রয়েছে। অথচ নেই কোনো স্কুল। একটি সরকারি স্কুল প্রতিষ্ঠায় অন্তত ৩১ শতাংশ জমির প্রয়োজন হয়। ঐ গ্রামের আল মুজাহিদ মল্লিক নিজ উদ্যোগে স্কুল গড়ে তোলার জন্য ৩৩ শতাংশের এক খণ্ড জমি মাটি ভরাট করে সরকারি কোষাগারে জমি দান করে এ স্কুল গড়ে তুলতে চান। আগামী জানুয়ারি থেকেই এ স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু করবেন। এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর এ অঞ্চলের শিশুদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আল মুজাহিদ মল্লিক নিজের স্কুলে জমি দান করেছেন। পাশাপাশি ঐ জমিতে তিনি পাকা স্থাপনা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন।
বর্তমানে একটি আধপাকা টিন-শেড ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘরেই শিক্ষা কার্যক্রম চলবে। স্কুল নির্মাণের উদ্যোক্তা আল মুজাহিদ মল্লিক জানান, ‘বিজয়ের ৫০ বছর স্মরণ করে রাখতে ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বশিরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ শতাংশের জমি দান করেছি। একটি পাকা ভবন নির্মাণ করব। এ স্কুলটি সরকারি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

