জাপানের ওসাকা শহরে একটি বাণিজ্যিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক ভিডিওতে আট তলা ঐ ভবনটির ছাদ ও চতুর্থ তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার খানিক পরেই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়, তার আধা ঘণ্টার মধ্যেই আগুন অনেকখানি নিয়ন্ত্রণে আসে। যে তলায় আগুন লেগেছে, সেখানে একটি সাইকিয়াট্রিক ক্লিনিক আছে বলে এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তদন্ত সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
ওসাকার দমকল বিভাগের এক কর্মকর্তা অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের ‘কার্ডিওপালমোনারি অ্যারেস্ট’ (হৃদযন্ত্র বিকল ও শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া) হয়েছে বলে জানিয়েছেন; জাপানে আনুষ্ঠানিকভাবে কারো মৃত্যুর খবর জানানোর আগ পর্যন্ত এ শব্দই ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছে বলেও জানিয়েছেন ঐ কর্মকর্তা। সংবাদমাধ্যম ইয়োমিউরি জানিয়েছে, বয়স্ক এক ব্যক্তি ভবনটিতে একটি ব্যাগ নিয়ে ঢোকেন, যা থেকে দাহ্য তরল ছড়িয়ে পড়ে ও আগুন ধরে যায়।
