আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত ক্বারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত ক্বারী নাযীর আসগর।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দও এতে অংশ নেয়ার কথা রয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি, বিশ্ববিখ্যাত ক্বারী বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন শুরু হয়েছিল। ইমামুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বসেরা ক্বারীরা এ আয়োজনের উদ্যোগ নেন। ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
এ বছর সম্মেলন আরম্ভ হবে সকাল ৯টায়। আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন ইক্বরার সদস্য ও দেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ, এবং মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর দেশি এবং বিদেশি ছাত্রবৃন্দ। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে।
