রাজধানীর কাকরাইলের দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চতুর্থতলার বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স নামে দুটি স্বর্ণের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
চুরির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যায় কর্মচারিরা। শনিবার সকালে দোকানে এসে তারা চুরির বিষয়টি টের পায়।
এখন পর্যন্ত দুই দোকান থেকে ঠিক কি পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা নিশ্চিত করেনি পুলিশ। তবে মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
