‘তারা খুনিকে আশ্রয় দিয়ে আবার আইনের কথা বলে’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৭:৩৭

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর কথা উল্লেখ করে বলেন, যে ব্যক্তি মানবতা ভঙ্গ করলো, এতোগুলো মানুষকে মেরে ফেলল, তাকে আশ্রয় দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। একটা খুনিকে তারা (যুক্তরাষ্ট্র) আশ্রয় দিয়ে তারাই আবার আইনের কথা বলে।

শনিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‌্যাবের কারণে দেশে সন্ত্রাসী কমেছে। আমরা তাদের বলেছি যে— তোমরা জঙ্গিবাদ দমন করতে চাও, বৈশ্বিক মাদক কমাতে চাও, মানবপাচার বন্ধ করতে চাও; র‌্যাব এসব কাজই করছে। তারা শুদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে। তোমাদের নিষেধাজ্ঞা দেশবাসী গ্রহণ করেনি।

এ কে আব্দুল মোমেন বলেন, র‌্যাবের মতো একটা প্রতিষ্ঠান নিয়ে (যুক্তরাষ্ট্রের) এরকম করা ঠিক হয়নি। এখন যাই হোক, তারা নিজেদের রিপোর্ট বের করেছে। ওনাদের কংগ্রেস অনেকটা বাধ্য করেছে এমন রিপোর্ট করতে। অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, তারা আলোচনা করবেন। বাংলাদেশের সঙ্গে তাদের অনেক আলোচনার সুযোগ আছে— আমার এটা ভালো লেগেছে। তিনি বুঝেছেন যে, আমরা এতে অসন্তুষ্ট হয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে শুরু থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে ঢাকা। বিষয়টি নিয়ে এক পর্যায়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

 

ইত্তেফাক/এমএএম