বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান সম্প্রীতি রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত ও স্বাধীনতাবিরোধী শক্তি বাংলাদেশ-ভারত সম্প্রীতি নষ্টে এখনও সক্রিয় ও ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কের ভিত্তি রক্তের। বাংলাদেশের স্বাধীনতার জন্য এ দেশের মানুষ রক্ত দিয়েছে, তেমনি ভারতের অনেক মানুষও রক্ত দিয়েছে। অন্য দিকে ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক, অর্থনৈতিকসহ নানা কারণে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের সাথে সুসম্পর্ক উন্নয়নের জন্য অপরিহার্য। অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, কিন্তু এসব কারণে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সবার উপরে স্থান দেয়া হয়। এ সম্পর্ক ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় ও জোরদার করতে হবে, আজীবন অটুট রাখতে হবে।
