নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:৫২

রাজধানীর বংশালের নাজিরাবাজারের একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসকর্মীরা।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে একটি ১০ তলা ভবনের দ্বিতীয় তালায় অবস্থিত জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। বিকেলে সাড়ে ৫টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি