নোয়াখালী জেলার সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় সাবরিনা আক্তার মিতু (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নোয়াখালী-কুমিল্লা সড়কের রামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। মিতু সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের শিলমদু গ্রামের মুর্তুজা ভূইয়ার মেয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী।
মিতু পরিবারের সঙ্গে ঢাকা থাকতেন। ৪-৫ দিন আগে তিনি মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবারে সোনাইমুড়ি পৌরসভার রামপুর এলাকায় নানা বাড়ি যান মিতু। শনিবার দুপুরে মিতু ঢাকায় আসার জন্য বের হন। নোয়াখালী-কুমিল্লা সড়কের রামপুর নামক স্থানে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মিতু ঘটনাস্থলে মারা যান। ২০ ডিসেম্বর থেকে তার সেমিস্টার পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে আসার পথে সড়কে প্রাণ গেলো মিতুর।
সোনাইমুড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

শাবিপ্রবির 'কিন' এর উদ্যোগে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ