সুজানগরে মৎস্য অভয়াশ্রমে চলছে মাছ নিধন 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:৪৩

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের মত্স্য অভয়াশ্রম থেকে মাছ নিধন করছে এক শ্রেণির মৎস্যজীবী। এতে বর্ষা মৌসুমে বিলে মাছের অভাব দেখা দিতে পারে। 

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গাজনার বিলে সাতটি মৎস্য অভয়াশ্রম রয়েছে। বিলের পানি কমে গেলে মাছ ঐ সব অভয়াশ্রম গিয়ে আশ্রয় নেয়। চলতি শীতের মৌসুমে বিলের পানি কমে যাওয়ায় রুই, কাতলা, মৃগেল, শোল, শিং, বান, বোয়াল, কই এবং পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ঐ অভয়াশ্রমে আশ্রয় নিয়েছে। 

বিলপাড়ের বাদাই গ্রামের ফজলুল হক বলেন, বর্ষা মৌসুমে অভয়াশ্রমে জন্ম নেওয়া মাছই গাজনার বিলে মাছের প্রধান উত্স্য। অথচ প্রতিদিন এক শ্রেণির মত্স্যজীবী অভয়াশ্রম থেকে মাছ নিধন করছে। 

একই এলাকার বাসিন্দা জিলাল উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে বিলে নতুন পানি আসামাত্র গোটা বিল অভয়াশ্রমে জন্ম নেওয়া মাছে ভরে যায়। কিন্তু এ বছর অভয়াশ্রম থেকে যেভাবে মাছ শিকার করছে তাতে আর বর্ষা মৌসুমে বিলে মাছ পাওয়া যাবে না। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, আমি খবর পেয়েছি মত্স্য অভয়াশ্রম থেকে মাছ নিধন করা হচ্ছে। শিগগিরই বিলে অভিযান চালিয়ে মাছ নিধন বন্ধ করা হবে। 

ইত্তেফাক/এএএম