৩০ বছর পর ট্রফি আবাহনীর ঘরে 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:০৮

১৯৯০ সালে শেষবার স্বাধীনতা কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এরপর আর ট্রফি জেতা হয়নি। অনেক অপেক্ষার পর গতকাল আবাহনীর ঘরে উঠল স্বাধীনতা কাপের হারানো ট্রফি। উত্তেজনার ফাইনালে আবাহনী ৩-০ গোলে বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। ১৯৭২ সালে প্রথম আসরেই মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯১ এবং ২০১৪ সালেও মোহামেডান চ্যাম্পিয়ন হয়। তিন বার কেউ ট্রফি জয় করতে পারেনি যা আছে মোহামেডানের ঘরে। সেই মোহামেডান গত চার আসরে গ্রুপ পর্ব হতে বিদায় নিয়েছে।

রাজধানী ঢাকায় কমলাপুর স্টেডিয়ামের একদিকে চলছে সাফ অনূর্ধ্ব—১৯ নারী ফুটবল আর একই সময়ে স্বাধীনতা কাপ ফুটবলের উত্তাপ। গতকাল রাতে টুর্নামেন্টের ফাইনালের উত্তাপ স্টেডিয়াম আঙ্গিনা হয়ে বাইরেও ছড়িয়েছিল ফ্লাডলাইটের আলোর সঙ্গে মিশে। আর ছুটির দিনে সেই আলো ফুটবল অনুরাগীদের মনের আঙ্গিনায় রং ছড়াল।

স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সেবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপের সেমিফাইনালে আবাহনীকে টাইব্রেকারে বিদায় করেছিল বসুন্ধরা। সেই বসুন্ধরার সঙ্গেই গতকাল ফাইনালে লড়াই করে ট্রফি নিয়ে গেছে আবাহনী। ৩-০ গোলের জয়ে আবাহনী দারুণ একটা জবাব দিয়েছে আবাহনী।

বসুন্ধরা তাদের ডেকে আনা সমর্থকদের হাতে পতাকা দিয়ে গ্যালারিতে বসিয়েছিল। আর আবাহনীর সমর্থকরা এসেছিলেন প্রিয় দলকে প্রেরণা দিতে নিজ নিজ উদ্যোগে। সঙ্গে ছিলেন ফুটবলে জয়গান দেখার প্রত্যাশায় থাকা সমর্থকরা। ফাইনালের উত্সবে কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি প্রায় ভরেই গিয়েছিল। প্রাণবন্ত ফাইনালে আবাহনীর খেলা মুগ্ধ করেছে। 

বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন সাফ চ্যাম্পিয়নশিপে এবং আবাহনীর পতু‌র্গিজ কোচ মারিও লেমস শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে জাতীয় দলের খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। একজনও সাফল্য দিতে পারেননি। দুই কোচের মধ্যে ট্রফি জয়ের উত্তেজনা ছিল। কারণ মারিও লেমসের পকেটে ট্রফি জয়ের রেকর্ড নেই। অস্কারের পকেটে আছে পাঁচটা ট্রফি। অবশেষে মারিও হাসলেন।

আবাহনীর কাছে বড় ব্যবধানেই হেরেছে বসুন্ধরা কিংস। এমন হার কল্পনাও করেনি সবচেয়ে বড় বাজেটে গড়া বসুন্ধরা কিংস। একে একে উপযু‌র্পরি তিন গোল হজম করে বসুন্ধরা ছন্নহারা দলের ছবিটা মেলে ধরল।

তাদের সব পরিকল্পনা ছিল দল ছেড়ে যাওয়া কোস্টারিকার ফুটবলার ড্রানিয়েল কলিন্দ্রেসকে ঘিরে। তাকে জালে আটকাতে গিয়ে আবাহনীর অন্যরা ফায়দা নিয়েছে। পরিকল্পনায় ভুল করে নিজেরাই ফাঁদে পড়েছে বসুন্ধরা। ভুলের খেসারত দিতে পেনাল্টি উপহার দিয়েছে।

৫৩ মিনিটে রাফায়েল অগাস্টিনের পাস ধরে কিংসের দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে দর্শনীয় প্লেসিংয়ে গোল করেন রাকিব হোসেন। আবাহনী ব্যবধান দ্বিগুণ করে ৬১ মিনিটে পেনাল্টি থেকে। আবাহনীর কোস্টারিকান ফরোয়ার্ড বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রিমন হোসেন। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান গোমেজ।

খেলা শেষে আবাহনীর কোচ মারিও লেমস বললেন, ‘বসুন্ধরা কঠিন দল এই দলকে হারানো এত সহজ ছিল না। যখন এক গোল হয়েছে তখনও আমি টেনশনে ছিলাম। আমি আরো গোলের আশায় ছিলাম। আমার জন্য এটা অনেক বড় সাকসেস। কারণ তিন বছর আমি বাংলাদেশে আবাহনীর কোচ হয়েছি। কিন্তু সাফল্য বলতে কিছু ছিল না।

গত মৌসুমে আবাহনীর ইমন বাবু খেলেছেন বসুন্ধরায়। এবার আবাহনীতে এসেই চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়ে দারুণ খুশি তিনি। অভিমানী কণ্ঠে ইমন বাবু বললেন, ‘আমি শুধু বলব ক্লাব করলেই হবে না ফুটবল খেলাটা বুঝে ক্লাব করতে হবে।’ বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন নিজেদের মধ্যমাঠের ভুলগুলোকে হারের কারণ বলেছেন। ব্র‚জন বলেন, ‘আমি আমাদের মিডফিল্ডকে খুঁজেই পাইনি। যেখান থেকে বলটা আসবে সেখানে ভুল পাস ছিল প্রচুর।’

টিভি সাক্ষাত্কারে আমন্ত্রণ জানানো হলে কলিন্দ্রেস আসেননি। কথা বলতে আগ্রহী হননি।

ইত্তেফাক/এএএম