কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে, ভূলুণ্ঠিত করেছে এবং বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চেয়েছে। তাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির কথা শোভা পায় না।’
রবিবার (১৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘শুধু বিএনপি-জামায়াত, রাজাকার ও আলবদর নয়, আন্তর্জাতিক চক্র যারা বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেনি, বার বার এদেশে বিপর্যয় ঘটাতে চেয়েছে, তারাও দেশের ভাবমূর্তি ক্ষণ্ন করতে সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এসব দেশি-বিদেশি ষড়যন্ত্রের উদাহরণ। কোনো তথ্য-প্রমাণ ছাড়া অত্যন্ত অন্যায় ও ভিত্তিহীনভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।’
এ সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দলকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী করতে হবে। এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, দলকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে। সেজন্য, বঙ্গবন্ধু ও দলের আদর্শের প্রতি নেতাকর্মীর আনুগত্য, রাজনৈতিক দৃঢ়তা এবং অতীত কর্মকাণ্ড ভালভাবে যাচাই-বাছাই করে নতুন কমিটিতে স্থান দিতে হবে।’
