জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। আগামীকাল ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ইংল্যান্ডের অবশিষ্ট ৬ উইকেট। তাহলেই সিরিজে ২-০ তে এগিয়ে যাবে স্মিথের দল।

হার এড়াতে ইংল্যান্ডকে ব্যাট করতে হবে তিন সেশন। জিততে হলে করতে হবে আরও ৩৮৬ রান। টপ অর্ডার ভেঙে পড়া সফরকারীদের জন্য যা কঠিন। রবিবার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন স্টোকস ৩ রানে অপরাজিত আছেন।

দিবারাত্রির টেস্টে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। পরে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৩৬ রানে অলআউট হয়। প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে অস্ট্রেলিয়া। আগের দিনের ১ উইকেটে ৪৫ রান নিয়ে খেলতে নেমে রবিবার ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে স্বাগতিকরা। ৯ উইকেটে ২৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। লাবুশেন ৫১, ট্রাভিস হেড ৫১, ক্যামেরন গ্রিন অপরাজিত ৩৩, স্টার্ক ১৯ রান করেন। মালান, রবিনসন, জো রুট দুটি করে উইকেট পান।

জয়ের জন্য ৪৬৮ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পায়নি ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসিব হামিদকে (০) ফেরান জাই রিচার্ডসন। একই বোলারের বলে ৩৪ রানে কাটা পড়েছেন আরেক ওপেনার ররি বার্নস। নেসারের বলে এলবির ফাঁদে পড়েন ২০ রান করা মালান। দিনের শেষ বলে রুটকে ফেরান স্টার্ক। তিনি ২৪ রান করেন।