আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ দাঁত ভাঙা জবাব দেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, এ দেশে নির্বাচন করতে হলে না কি সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করেই নাকি নতুন করে নির্বাচন দিতে হবে। আমি বলতে চাই- তোমাদের এই দিবাস্বপ্ন কোনো দিন সফল হবে না। সংবিধান সম্মত ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং ওই নির্বাচনে শেখ হাসিনা আবারও নির্বাচিত হবেন, আবারও প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করবেন।
রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ডেমরার ডগাইর রুস্তম আলী স্কুল মাঠে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৬৬নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন- মির্জা ফখরুল সাহেব, মামা বাড়ির আবদার করলে চলবে না। সংবিধানসম্মত ভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু সংবিধানের বাহিরে গিয়ে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের দাবিতে নৈরাজ্য সৃষ্টি করতে চান, আওয়ামী লীগ তার দাঁত ভাঙা জবাব দেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় সম্মেলনে উদ্বোধন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।
