'ভাষার কৃতিত্ব' প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে বেকম্যান'স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ। আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড বেকম্যান'স এই আয়োজনের পৃষ্ঠপোষক।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লীগের উদ্বোধন করা হয়।
বাংলাদেশের অন্যতম বৃহৎ ভাষাভিত্তিক অলিম্পিয়াড এই ল্যাঙ্গুয়েজ লীগ। দ্বিতীয়বারের মত অনুষ্ঠিতব্য এই আয়োজনে দেশব্যাপী ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেবে এবং এটি উন্মুক্ত থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাংলা, ইংরেজি, চাইনিজ, ফ্রঞ্চ, জার্মানসহ পাঁচটি ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে এই প্রতিযোগিতায়, যা বয়সসীমার ভিত্তিতে চারটি ভাগে বিভক্ত থাকবে।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অনলাইনে অংশ নিতে পারবে। মূল আয়োজন অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচিত ৩২টি ভেন্যুতে। পরবর্তীতে বিভাগীয় বাছাই পর্বের বিজয়ীরা সুযোগ পাবে সেমিফাইনাল এবং ফাইনালে অংশ নেবার, যা অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
সংবাদ সম্মেলনে আকিজ বেকার্স লি. এর পরিচালক শেখ জামিল উদ্দীন বলেন, "আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। যার স্বীকৃতিস্বরূপ সারাবিশ্বে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই একের অধিক ভাষা নিয়ে এমন উদ্যোগ আমাদের দেশে নেওয়া নিঃসন্দেহে খুবই আনন্দের ব্যাপার। আমরা জাতি হিসেবে যেমন নিজের মায়ের ভাষা চর্চাকে সবার আগে গুরুত্ব দেই, একইসাথে এই বিশ্বায়নের যুগে সারা বিশ্বের বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি থেকেও সেরাটা নেওয়ার চেস্টা করি। যার প্রতিফলন আমরা ল্যাঙ্গুয়েজ লীগে দেখবো।"
এছাড়াও ল্যাঙ্গুয়েজ লীগ সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার বলেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগের মত উদ্যোগে সারাবিশ্বের সাথে বাংলাদেশের জ্ঞানভিত্তিক, সাংস্কৃতিক ইত্যাদি যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। এরকম একটা আয়োজনের সাথে বেকম্যান'স এর সম্পৃকতা আমাদর জন্য খুবই আনন্দের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইসমাইল হোসেন। তিনি বলেন, "বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভাষাভিত্তিক প্রতিযোগিতা বেকম্যান'স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ আয়োজন করতে পেরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গর্ববোধ করছে। ভাষা চর্চায় আমরা একধাপ এগিয়ে যাচ্ছি।"
এসময় উপস্থিত ছিলেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড স্যোশাল সায়েন্সের ডিন প্রফেসর ড. আব্দুর রব, ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর চেয়ারম্যান ড. আ ক ম রহমান ভূইঁয়া এবং সিনিয়র লেকচারার মেহেদী হাসান সহ আকিজ বেকার্স লিমিটেডের কর্মকর্তারা।
