গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সাবেক দুই চেয়াম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুই জন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এবং একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করছেন বলে অভিযোগে রয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতিপূর্বক বহিষ্কার করা হয়।
অপর দিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আক্তারউজ্জামান শুকুরকে বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
এছাড়া বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খানের পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে আসলাম সিকদারকে বহিষ্কার করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোশারফ হোসেন দুলাল ৩ জনের বহিষ্কার নিশ্চিত করেছেন।
