আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩:০১

শরীয়তপুরের ভেদরগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির বড় বোন সাবেক ভাইস চেয়ারম্যানের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষ কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, ছয়গাঁও ইউনিয়নের লাকার্ত্তা ৪নং ওয়ার্ডের মৃত কামরুল ইসলাম শিকদারের ছেলে সাগর শিকদার, শরীয়তপুর জেলা বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট ও ডিএমখালি ইউনিয়নের চরচান্দা গ্রামের মানিক হাওলাদারের স্ত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সূবর্না শিকদার।

আটক ২ আসামি।ছবি: ইত্তেফাক

আহত পুলিশ সদস্যরা হলেন, ভেদরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান, নারী কনস্টেবল আয়েশা আক্তার ও সঙ্গীয় ফোর্স তুহিন মুন্সী এবং মিলন মোল্লা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ওসি মোস্তাফিজুর রহমান জানান, এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে অভিযান পরিচালনা করার সময় আসামির বোন সূবর্না সিকদার পুলিশের উপর হামলা চালায় এবং লোহার একটি রড দিয়ে কনস্টেবল আয়েশাকে বেধড়ক মারধর করে পুকুরের পানিতে ফেলে দেয়। এতে আয়েশার পা ভেঙ্গে যায়। এ ঘটনায় আজ দুপুরে আহত এএসআই বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

ইত্তেফাক/ ইআ