সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

সুন্দরবনে মাছ শিকারে গিয়ে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় ঘটনাটি ঘটে। 

জানা যায়, মুজিবর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে। তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশন থেকে অনুমতি নিয়ে সহযোগী জেলেদের সঙ্গে তিনি সুন্দরবনে যান। 

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকার শ্রমিক হিসেবে সুন্দরবনে যান মুজিবর। রবিবার বিকেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। ওইদিন সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ষ্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। রাতে সহযোগিরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে তখন বিস্তারিত জানা যাবে।

 

ইত্তেফাক/জেডএইচডি