শেয়ারবাজারের পতন থামছে না 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও শেয়ারবাজারে পতন হয়েছে। এর মাধ্যমে পেছনের দিকে যাওয়ার প্রবণতায় অব্যাহত রয়েছে শেয়ারবাজার। 

সোমবার শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৬ হাজার ৭৩৬ দশমিক ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৩২ দশমিক ৬৫ পয়েন্ট এবং ২ হাজার ৫২৮ দশমিক ৬৬ পয়েন্টে।

ডিএসইতে ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকার। ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির বা ২৬ দশমিক ৭৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪১টির বা ৬৪ দশমিক ৪৪ শতাংশের এবং ৩৩টি বা ৬ দশমিক ৮২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৬ দশমিক ৫৯ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। গতকাল সিএসইতে ৯১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি