অপমানের জবাব কীভাবে দিতে হয়, সেটা পাকিস্তান বেশ ভালোভাবেই দেখিয়ে দিলো। গত সেপ্টেম্বরে দেশটিতে গিয়েও সিরিজ না খেলে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা শঙ্কায় তারা এ সিদ্ধান্ত নিয়েছিল বলে জানায়। যদিও পিসিবির দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনাই করেনি কিউইরা। এরপর থেকেই নিউজিল্যান্ডের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছিল পাকিস্তানিদের মাঝে।
সেই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ ঘটে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিউইদের হারানোর পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে প্রশংসা কুড়ায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। তখনই পাকিস্তান সফরে যাবে বলে ঘোষণা দেয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবার নিউজিল্যান্ডও জানিয়েছে তারা আগামী মৌসুমে (২০২২-২০২৩) একবার নয়, বরং দুইবার সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে এবং ২০২৩ সালের এপ্রিলে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড।
