দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ইপিএস বাংলা কমিউনিটি’। যার যাত্রা শুরু হয় ২০১২ সালে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই সামাজিক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার ৭ম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী সিউলের ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের হলরুমে রবিবার (১৯ ডিসেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নির্বাহী সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে কামরুল হাসান রাজ সভাপতি ও নয়ন কুমার দে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তাঁদের নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন এবং আগামী বছরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
চলতি বছর করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে নিষেধাজ্ঞা চলমান থাকায় সামাজিক দূরত্বের নিয়মাবলী যথাযথভাবে পালন পূর্বক শুধুমাত্র নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কোরিয়াতে ইপিএস তথা বাংলাদেশিদের উন্নয়নে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে শুরু থেকে কাজ করে আসছে সংগঠনটি। বর্তমানে অনলাইন এবং অফলাইনে সরাসরি বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছে বছর ব্যাপী।
তার মধ্যে উল্লেখযোগ্য কোরিয়ার বিভিন্ন আইন কানুন, ভিসা পরিবর্তন নিয়ে সেমিনার লাইভ প্রোগ্রাম, ইপিএস ভাইদের চিত্তবিনোদনের জন্য গেটটুগেদার, গ্রীষ্মকালীন মিলন মেলা, উদ্যোক্তা প্রোগ্রাম, ইপিএস এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি কার্যক্রম প্রতিবছরই সম্পন্ন করে আসছে।
