ঈশ্বরদীতে গর্ভবতী গৃহবধূকে খুনের অভিযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১:৩৪

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উপর্যুপুরি হামলায় গর্ভবতী গৃহবধূকে খুনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শারমিন শিলা (৩২) দাশুড়িয়ার মাসুদ রানার স্ত্রী। 

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে (৩৫) আটক করা হয়েছে বলে জানান তিনি। সুমন ওই এলাকার আজগর আলী মৌলবীর ছেলে।

থানার ওসি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্বশুর হবিবুর রহমান হবি ফজরের নামাজ পড়ে শাশুড়িকে নিয়ে প্রাতঃভ্রমণে বের হন। শিলা নাস্তার জন্য রুটি বানাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আজগর আলী মৌলবির ছেলে সুমন রামদা নিয়ে বাড়িতে প্রবেশ করলে শিলা চিৎকার দেয়। শিলাকে রামদা দিয়ে কোপ দেয়। শিলা দৌড়ে তিনতলার ছাদে উঠে গেলে সুমনও পিছে পিছে ছুটে গিয়ে গলায় ও ঘাড়ে আরও দুটি কোপ দিলে ঘটনাস্থলেই শিলার মৃত্যু হয়। শিলার স্বামী মাসুদ রানা ছুটে এলে অভিযুক্ত সুমন তাকেও রামদা দিয়ে কোপ দেয়। আঘাত থেকে রক্ষা পেতে মাসুদ ধাক্কা দিলে সুমন তিনতলার ছাদ হতে নীচে পড়ে আহত হয়।

আহত সুমন পুলিশ হেফাজতে ঈশ্বরদী হাসপাতালে এবং গৃহবধূর স্বামী মাসুদ রানা পাবনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি আসাদুজ্জামান আসাদ আরও জানান, প্রকৃত ঘটনা ও রহস্য উদঘাটনে এবং ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

ইত্তেফাক/এএএম