ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেনকে নিয়ে নতুন এক সমালোচনার সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে এবার ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি আর সেই সম্পর্কের সূত্র ধরে অনেক গোপন তথ্যও ফাঁস করেছেন মোসাদের সাবেক প্রধান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, অবৈধ সম্পর্কের তথ্য নিশ্চিত করেছেন ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্বামী নিজেই। গাই শিকার নামের ওই ব্যক্তি জানান, তার স্ত্রী কোহেনের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ইসরায়েলের অনেক গোপন তথ্য পাচার করতে সক্ষম হয়েছেন। নিজের অবৈধ প্রেমিকাকে অনেক গোপন তথ্য বলতেন কোহেন। তাদের এই সম্পর্ক শুরু হয় ২০১৮ সালের শেষদিকে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন কোহেন। তার দাবি, যা বলার এখতিয়ার তার ছিল না তেমন কোনোকিছুই তিনি কোথাও প্রকাশ করেননি। এদিকে কোহেনের এই তথ্য ফাঁসের পুরো অনুসন্ধানী প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার প্রচার করবে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল থার্টিন।
ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্টের স্বামী জানিয়েছেন, মোসাদের নানাবিধ কর্মকাণ্ড, বিশ্বজুড়ে চালানো অপারেশন, নিজের ব্যবস্থাপনা প্রক্রিয়াসহ নানা স্পর্শকাতর তথ্য জানিয়েছেন কোহেন। ইসরায়েলের পুঁজিবাজারের পরিচিত মুখ গাই আরও বলেন, কোহেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার সময় ইরানের ওপর ইসরায়েলে নানা গোয়েন্দা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন তথ্যও বলেছেন।

