ইয়াসির শাহের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:৫২

বিতর্ক থেকে যেন রেহাই নেই পাকিস্তান ক্রিকেটের। লাহোরে এক নাবালিকাকে বন্দুক দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ক্রিকেটার ইয়াসির শাহ ও তার এক বন্ধুর বিরুদ্ধে। ইতোমধ্যে স্থানীয় শালিমার থানায় মামলাও হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এফআইআর এ লেখা হয়েছে, ইয়াসিরের বন্ধু ফারহান বন্দুকের নল দেখিয়ে ধর্ষণ করেছে ওই নাবালিকাকে। আর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মেয়ের খালাকে হুমকিও দিয়েছেন ইয়াসির।

ওই নাবালিকার খালা জানান, ‘আমি যখন হোয়াটসঅ্যাপে ইয়াসির শাহের সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনাটি তাকে বলি, তখন সে আমার সঙ্গে মজা করে বলে সে (তার বন্ধু) অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পছন্দ করে। পাকিস্তানের এই ক্রিকেটার বলেছিলেন যে তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি।’

ভুক্তোভূগী নাবালিকার দাবি, তিনি যখন বিষয়টি জানাতে পুলিশের কাছে যান তখন ইয়াসির শাহ তাকে একটি ফ্ল্যাট কেনার এবং তার ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত খরচ বহনের প্রস্তাব দেন। সেইসঙ্গে ঘটনার ভিডিও ধারণ করেছে ফারহান বলেও অভিযোগ করেছে ওই তরুণী।

এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, আমরা কেন্দ্রীয় চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার সম্পর্কে এমন কিছু কথা শুনেছি। তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার আগে এখনই মন্তব্য করা ঠিক হবে না।

ইত্তেফাক/টিআর