বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভিন্ন পদে জনবল সঙ্কটে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। অত্যাধুনিক মানের নতুন অ্যাম্বুলেন্স থাকলেও নেই গাড়ি চালক। অপারেশন থিয়েটার থাকলেও নেই টেকনিশিয়ান। দীর্ঘদিন টেকনিশিয়ানের অভাবে অপারেশন থিয়েটারটি ব্যবহার না করায় নষ্ট হতে চলেছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতিগুলো। প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি থাকতেও জনবলের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই এখন ‘লাইফ সাপোর্টে’। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না উপজেলার সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে দ্বারিয়াপুর গ্রামের প্রাণকেন্দ্রে ১৯৬৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। পরে এটি ২০১৭ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যায় উন্নীত হলেও স্বাস্থ্য কমপ্লেক্সটি নামেই চলছে ৫০ শয্যা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যেসব সুযোগ থাকার দরকার তার আংশিক কিছু থাকলেও অধিকাংশই রয়েছে ফাইল বন্দি। সকল প্রকার সুযোগ সুবিধা না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে পাচ্ছে না এলাকার লোকজন।
এদিকে প্রতিষ্ঠানটিতে ১ জন ইউএইচএন্ডএফপিওসহ চিকিৎসক আছেন মাত্র ৫ জন। মেডিসিন (সার্জারি) এবং গাইনি বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ পদটিও রয়েছে শূন্য। আমলসার ও শ্রীকোল ইউনিয়ন কমিউনিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র না থাকায় ২ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করে তাদের দিয়ে চালানো হচ্ছে চিকিৎসা সেবা। স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ৩ জন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারকে কুষ্টিয়া হাসপাতালে প্রেষণে নিযুক্ত করা হয়েছে। এখানে চিকিৎসা সংকট থাকা সত্ত্বেও ১ জন চিকিৎসককে মাগুরা বক্ষব্যাধী হাসপাতালে প্রেষণে নিযুক্ত করা হয়েছে। শূন্যপদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স ১ জন, মিডওয়াইফ ১ জন, মেডিক্যাল টেকনিশিয়ান (ল্যাব) ১ জন, মেডিক্যাল টেকনিশিয়ান (ডেন্টাল) ১ জন, মেডিক্যাল টেকনিশিয়ান (ফার্মাসিস্ট) ২ জন, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক ২ জন, ক্যাশিয়ার ১ জন, পরিসংখ্যানবিদ ১ জন, স্টোর কিপার ১ জন, স্বাস্থ্য পরিদর্শক ২ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ০১জন, স্বাস্থ্য সহকারী ১১ জন, গাড়ি চালক ১ জন, জুনিয়র মেকানিক ১ জন, এমএলএসএস ২ জন, ওয়ার্ডবয় ২ জন, আয়া ১ জন, নিরাপত্তা প্রহরী ২ জন, মালী ১ জন, কুকম্যান ১ জন ও সুইপার ৪ জন।
এছাড়াও সহকারী ডেন্টাল সার্জন থাকলেও সপ্তাহে ৩ দিন দায়িত্ব পালন করেন মাগুরাতে। এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈসউজ্জামান বলেন, চিকিৎসা সেবা নিয়ে রোগীদের কিছুটা অভিযোগ থাকলেও জনবল সংকটে যতটুকু সম্ভব সাধ্যমত ততটুকুই সঠিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক সার্জারি এবং গাইনী ও অ্যানেস্থেসিয়া ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। জনবল সঙ্কটে নিরসনের লক্ষে জেলা সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে শূন্য পদের তালিকা পাঠানো হয়েছে। কাঙ্ক্ষিত পদে জনবল সংযুক্ত হলে স্বাস্থ্যসেবায় যথেষ্ট উন্নয়ন হবে।
