সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কোম্পানীগঞ্জের ফিরোজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

সৌদি আরবে জেদ্দা-মদিনা হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম (৪২) নামে প্রবাসী নিহত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে ১টায় তার চালিত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, নিহত ফিরোজ আলমের ছেলে মতিউর রহমান রিজভী। 

নিহত ফিরোজ আলম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। 

রিজভী জানান, দীর্ঘ ১৪বছর ফিরোজ আলম সৌদি আরবে চাকুরি করে আসছিলেন। গত ৪বছর বৈধ কাগজপত্র না থাকায় তিনি মালিকের সাথে কথা বলে, কাগজপত্র ঠিক করেছেন। এর মধ্যে ছুটিতে দেশে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। এ সংবাদ দেশে গ্রামের বাড়ীতে আসার পর পরিবার ও নিহত ফিরোজ আলমের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

রিজভী আরও জানিয়েছেন, তার বাবার লাশ দেশে এনে গ্রামের বাড়ীতে দাফন করার চেষ্টা চলছে। তার স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছে। 

ইত্তেফাক/ ইআ