আবারো বিদেশি পর্যটকদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করছে থাইল্যান্ড। মূলত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলাতেই নতুন এই কড়াকড়ি আরোপ করলো দেশটি।
থাইল্যান্ডের সহকারি সরকারি মুখপাত্র রাচাডা ধানাদিরেক বলেন, ২১শে ডিসেম্বরের পর থেকে আর কোনো টেস্ট এন্ড গো পদ্ধতির রেজিস্ট্রেশন থাকছে না। একদিন আগেই থাইল্যান্ডে ওমিক্রনের প্রথম স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়। এরপরই এই ঘোষণা দিয়েছে দেশটি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকেই কার্যকর হচ্ছে নতুন এই নিয়ম। এতদিন দেশটিতে ‘টেস্ট এন্ড গো’ পদ্ধতি চালু থাকলেও এখন সেটি বাতিল হতে যাচ্ছে। এখন থেকে বিদেশিদের জন্য ৭ থেকে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক থাইল্যান্ডে।
বিশ্বে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও মৃত্যু ও শনাক্তের সংখ্যা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯১১ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৩৬২ জন।
একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৮৪৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৩৩ জন।
