জাল ভোট দিতে গিয়ে মাদরাসা সুপার আটক  

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭

লালমনিরহাটের কালীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আ ন ম নুরুজ্জামান (৫৫) নামে আদিতমারী উপজেলার এক মাদরাসা সুপার আটক হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বে থাকা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন। 

আটক সুপার আ ন ম নুরুজ্জামান কালীগঞ্জ উপজেলার মৃত সহিদুল্লাহর ছেলে। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি কেরামাতিয়া দাখিল মাদরাসার সুপার পদে কর্মরত রয়েছেন।

জানাগেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় দফায় ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু জন চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত করেন নির্বাচন কমিশন। উক্ত পদে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এদিকে বিকেল ৩ টার দিকে নিজ কেন্দ্র উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সুপার আ ন ম নুরুজ্জামান। এ সময় জাল ভোট দেওয়ার অভিযোগে তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতীবান্ধা ইউএনও সামিউল আমিন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ইউএনও সামিউল আমিন বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে আ ন ম নুরুজ্জামানকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ ইআ