যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাংশের উপকূলীয় অঞ্চলে এই ভূমিকম্প ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থল হলো ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলের কেপ ম্যানডোসিনোতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ক্যালিফোর্নিয়ার লস্ট কোস্ট এলাকার গ্রাম পেট্রোলিয়ার পাথুরে এলাকা থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ৯ কিলোমিটার গভীরে ।
হামবোল্ট কাউন্টি শেরিফ উইলিয়াম হনসাল বলেন, ‘প্রথম দিকে ভূকম্পণের মাত্রা কম থাকলেও পরে তা অনেক বেড়ে যায়।’ ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে এটি নিশ্চিত যে ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
এর আগে ১৯৯২ সালে এই অঞ্চলে সংঘটিত হওয়া একাধিক ভুমিকম্পের ফলে প্রায় এক হাজার ১০০ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়-ক্ষতি হয়েছিল।
ইত্তেফাক/এনএ/এইচপি
