আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিত্সার বিষয়ে করা আবেদনের ওপর শিগিগরই আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়া হবে। তিনি বলেন, আমার কাছে বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী যে বক্তব্য দিয়েছেন সেখানে কোথাও আইনি কোনো সাপোর্ট আছে কিনা সেটা আমি দেখব ও দেখেছি। তাদের বক্তব্যে স্পষ্ট কোনো আইনি সাপোর্ট আমি পাইনি। আমি খুব শিগিগরই এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত দিয়ে দেব।
গতকাল মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে আইনের দিক থেকে দেখতে হবে। তার কারণ সরকার কোনো আরবিট্ররি (স্বেচ্ছাচারী) পদক্ষেপ নিতে পারে না। বরং সরকারকে সব সময় আইনি পদক্ষেপ নিতে হয়। এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক পদক্ষেপ যেটা ছিল সেটার অভিব্যক্তি হয়েছে, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী দণ্ড স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বেশ কয়েক জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‘দেশ ভালো করলে শত্রু বাড়ে’