ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের দায়ী করলেন পুতিন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০২:১৩

ইউক্রেন ইস্যুতে ইউরোপে উত্তেজনা বৃদ্ধির জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিমারা স্নায়ুযুদ্ধের ফলকে ভুলভাবে মূল্যায়ন করেছে। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা আগ্রাসন মোকাবিলায় রাশিয়া উপযুক্ত জবাব দেবে এবং সেনাবাহিনীকে আরও উন্নত করবে।

তিনি বলেন, ‘কেন তারা (পশ্চিমা) ন্যাটোকে প্রসারিত করেছিল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তিগুলো ত্যাগ করেছে? এখন যা ঘটছে সেটার জন্য তারাই দায়ী। ইউরোপে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে।’ এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাছ থেকে গ্যারান্টির জন্য দাবি পুনর্ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ন্যাটো পূর্ব দিকে প্রসারিত হবে না।

এদিকে ওয়াশিংটনের মতে, ইউক্রেন সীমান্তে কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে, মস্কোর দাবি, ন্যাটো যেন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রকে (ইউক্রেন) সদস্য হিসেবে গ্রহণ না করে। পাশাপাশি প্রতিশ্রুতি দেয় যে, দেশটিতে তারা কোনো অস্ত্র বা সেনা মোতায়েন করবে না।

ইত্তেফাক/টিএ