রাজধানীর শ্যামপুরে হত্যাকান্ড: মূল অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯

রাজধানীর শ্যামপুর এলাকায় হত্যা মামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মূল অভিযুক্তের নাম- মো. লাভলু।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে শ্যামপুর থানার গ্লাস ফ্যাক্টরির গলি গাজীর মোড় এলাকায় হতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

শ্যামপুর থানার পুলিক (নিঃ) অপারেশন খন্দকার জামাল উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন শনিবার (১৮ ডিসেম্বর) ভিকটিম বৃদ্ধা হোসনে আরা ডলি শ্যামপুর থানার ৪৬/এ/১ ঢালকা নগর লেন এর তার নিজ বাসায় একাকি অবস্থান করে। ঐ দিন তার স্বামী ভোর সাড়ে ৬টায় ব্যবসার কাজে গাজীপুরে যায়। ভিকটিম বাসায় একা থাকায় বেলা ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোন সময় কে বা কাহারা ভিকটিমকে গলা কেটে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর শ্যামপুর থানায় ভিকটিমের স্বামী মামলা রুজু করেন। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে আসামীকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পুলিশকে জানান, সে একজন ডিশ লাইনের কর্মচারী। ঘটনার দিন ভিকটিম গ্রেফতারকৃতকে তার বাসায় ডিশের লাইন ঠিক করার জন্য ডাকে। সে বাসায় আসতে দেরি করায় ভিকটিম তাকে বকাবকি করে। সে রাগান্বিত হয়ে ভিকটিমকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। ফলে ভিকটিমের হাতে থাকা কাচের গ্লাস ভেঙ্গে যায়। এরপর গ্রেফতারকৃত আরো উত্তেজিত হয়ে বাহির থেকে ইট এনে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে ভাঙ্গা গ্লাস দিয়ে গলা কেটে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে গ্রেফতারকৃত হত্যাকান্ডের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

ইত্তেফাক/কেএইচ