ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে আশা তাপসের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

আগামী ২৬ ডিসেম্বর হতে চালু হতে যাওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে পরীক্ষামূলক যাত্রাপথে সূচনার মাধ্যমে ধীরে ধীরে ঢাকা শহরের পুরো গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২২ ডিসেম্বর) সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর শংকরে পথচারী পারাপার সেতুর উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনারা জানেন আমাদের বাস রুট রেশনালাইজেশন যে কার্যক্রম চলছে। আগামী ২৬ শে ডিসেম্বর আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শুভ উদ্বোধন করবেন। এই প্রেক্ষিতে, আমাদের যে যাত্রী ছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা হচ্ছে, আমরা সেগুলো পরিদর্শন করছি। আমরা আশাবাদী, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথে সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।

এ সময় আগামী বছরের মধ্যে পুরো গ্রিন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের যে সকল অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন তোড়জোড় করে সে কাজগুলো সম্পন্ন করছে। আশা করি, আগামী ২০২২ সালের মাধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।

এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আমি ঢাকাবাসীকে অনুরোধ করব, আমরা সেতুসহ যে সকল অবকাঠামোগুলো নির্মাণ করি, রাস্তা পারাপারে সেগুলো যেন ব্যবহার করা হয়। আমরা এরই মাঝে উদ্যোগ করেছি, আমাদের সকল চৌরাস্তাগুলো নিয়ে যানচলাচল ব্যবস্থাপনাকে আধুনিক এবং স্বয়ংক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছি। পথচারী পারাপারের সুনির্দিষ্ট যে জেব্রা ক্রসিং সেগুলোও আমরা নতুন করে দিচ্ছি। 
 

ইত্তেফাক/এসআই