সারাদেশই সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেন, ‘সারাদেশের মতো কলাপাড়ায়ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ নির্বাচন কমিশন সফলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। তাই নির্বাচনে নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়া সব আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে।’
কবিতা খানম আরও বলেন, ‘নির্বাচন কমিশন ইভিএমে ভোটগ্রহণ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তাই ভোটগ্রহণের সময় ইভিএম মেশিনের আশে পাশে কেউ যেন না যেতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। ইভিএম ভোট হলে যেমন দ্রুত ফল ঘোষণা করা যায়, তেমনি স্বচ্ছতাও থাকে। তাই সারাদেশে যদি ইভিএম কার্যকর করা যায়, তাহলে দেখবেন আমাদের নির্বাচন ব্যবস্থা আরও সহজ হয়ে গেছে।’
পটুয়াখালী সনিয়ির জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন,পুলিশ সুপার মো. শহিদুল্লাহ পিপিএম,বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সহকারী কমিশনার(ভ‚মি) জগৎবন্ধু মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আলী অঅহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর কলাপাড়ার ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
