সরকারের পতন নিশ্চিত করতে বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনার পক্ষে মত দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ‘অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনাসভায় নোমান ও রিজভী এ অভিমত দেন।
তিনি বলেন, এই সরকারের পতন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ঐক্যের যে রাজনীতি,সেটির কৌশল পরিবর্তন আনা জরুরি। সেই কৌশলের পরিবর্তন যদি না হয়, তা হলে আন্দোলনে আমরা সফল হতে পারব না।
অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া শুধু বন্দি নন, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার জন্য এই মুহূর্তেই রাস্তায় নামতে হবে। আমরা বলি খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে এই সরকারকে জবাবদিহি করতে হবে। তার কিছু হওয়া পর্যন্ত কেন আমরা অপেক্ষা করবো, তার কিছু হবে কেন? কিছু হওয়ার আগেই এই মুহূর্তে আমাদের রাস্তায় নামতে হবে। তাকে তিলে তিলে শেষ করে দিয়ে দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে শাসন করতে চায় এই সরকার। সেটা হতে দেওয়া যাবে না।
নোমান বলেন,আজকে যদি ভালো মতো উপলব্ধি করি বয়সের ভারে হোক বা সাহসিকতার কারণে হোক তারা (দলের সিনিয়ররা) আজকে পেছনে চলে গেছে। এইটা বাস্তবতা। আমরা যারা কিছু কিছু সামনে আছি আমাদের মাঝেও অনেক ধরনের সুবিধাবাদ সুবিধাভোগের কারণে সামনে অগ্রসর হতে ভয় পাই।
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে রিজভী বলেন,এই নিষিদ্ধ ঘোষণাতেও তাদের কি কোনো বোধোদয় হয়েছে? তারা ওই একই কাজ করে যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে মুন্সীগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে র্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে তাদের কাছে জানতে চাইলে তারা তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। গুম হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য, ভালো কোনো বৈশিষ্ট্য নেই তাদের।
শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, বেগম খালেদা জিয়ার বাঁচা-মরা আল্লাহর হাতে। চিকিৎসা দেবেন আপনি। কোনো কারণে যদি আপনি চিকিৎসা দিতে ব্যর্থ হন তাহলে আপনার পরিস্থিতি আপনাকে বহন করতে হবে।আপনারা প্রস্তুত হন, বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে।
রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রুনেসার সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, রমেশ দত্ত, প্রফেসর আমিনুল ইসলাম, নুরুজ্জামান তপন প্রমুখ।
