রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮২২৫ পিস ১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা, ১০১ গ্রাম ৪৪৭ পুরিয়া হেরোইন, ৫ বোতল বিদেশী মদ, ৩৯ কেজি ৭০ গ্রাম গাঁজা ও একটি গাঁজার গাছ উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে ।
ইত্তেফাক/ কেএইচ
