আন্দোলন নিয়ে ফোনালাপ: আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:১৮

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার ফারুক-উল-হক বলেন, কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ বুধবার আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিলহানুর রহমান নাওমীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার বলেন, টেলিফোনের কথোপকথন ফাঁসের ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় বুধবার বিকেলে আদালত আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিলনাহুর রহমান নওমীকে আসামি করে  অভিযোগপত্র দাখিল করা  হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা অভিযোগে তথ্যগত ভুল ছিল বলে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী  নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে  বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে। আন্দোলনের মধ্যে আমীর খসরুর মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত তৎকালীন ছাত্রদল নেতা মিলহানুর রহমান নাওমীর টেলিফোনে একটি কথোপকথন ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আমীর খসরু ওই ছাত্রদল নেতাকে আন্দোলনে নেমে পড়তে বলেছিলেন। ওই ফোনালাপ ফাঁস হওয়ার পর ২০১৮ সালে ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালী থানায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে আমীর খসরুকে আসামি করে মামলা দায়ের করেন। 

মামলায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়। মামলায় জাকারিয়া দস্তগীর দাবি করেন, আমীর খসরুর উসকানির জেরে নিরাপদ সড়কের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 


ইত্তেফাক/এনএ