নিউক্লিয়ার বাস ট্যুরের উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০০:৪৮

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জনমনে আগ্রহ সৃষ্টি এবং বিশেষ করে পরমাণু প্রযুক্তির নিরাপত্তা ও এর নানাবিধ ব্যাবহার সম্পর্কে জনগণকে জানাতে যাত্রা শুরু করেছে বিশেষভাবে সজ্জিত যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে যাত্রা শুরু করে সারাদেশ পরিভ্রমণ করে বাসটি ২৭ ডিসেম্বর রাতে ঢাকায় ফিরবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রাজধানীর রূপপুর এনপিপি ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে নিউক্লিয়ার বাস ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পারমানবিক শক্তি তথ্যকেন্দ্র (আইসিওএনই) ঢাকার আয়োজনে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন- রসাটম নিউক্লিয়ার বাস ট্যুর কর্মসূচীতে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

বিশেষ এই বাসটি আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ২০টি জেলা পরিভ্রমণ করবে। পথিমধ্যে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিরও আয়োজন করা হবে। জনগণকে আকৃষ্ট করতে এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নানাবিধ আকর্ষণীয় কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে রয়েছে, পথসভা, স্কুল ও বিশ্ববিদ্যালয় ভিজিট, লিফলেট ও অন্যান্য পাঠ্যসামগ্রী বিতরণ, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কুইজ ও গেমস ইত্যাদি। সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সুভেনির। নিউক্লিয়ার এনার্জি বিষয়ে রুশ-বাংলাদেশ যৌথ কম্যুনিকেশন্স কর্মসূচির আওতায় এই বাস ট্যুরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শৌকত আকবর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অলোক চক্রবর্তীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/জেডএইচডি