স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’-এর পঞ্চাশে পদার্পণ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মঞ্চস্থ হলো নাটকটি। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিকের পরিকল্পনা ও নির্দেশনায় পর্দা নামে নাটকটির। সেখানে অভিনয় করেন একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী।
শিক্ষার্থী বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘টিনের তলোয়ার’ মঞ্চস্থ করতে পেরে আমরা সকলেই গর্বিত।
গত ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচতলায় পরিবেশিত হয় নাটকটি।
‘টিনের তলোয়ার’ নিয়ে হীরক মুশফিক বলেন, ‘টিনের তলোয়ার উৎপল দত্তর অন্যতম সেরা নাটক। নাট্যকার ঊনবিংশ শতাব্দীর বাস্তব চিত্র তুলে এনেছেন এখানে। এটি একটি দীর্ঘ সময়ের নাটক। প্রথম মঞ্চায়নের পঞ্চাশ বছর পর বর্তমান বাস্তবতায় এর অভিনয় রীতিমতো চ্যালেঞ্জিং। করোনা মহামারীর দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এটাই অনেক।’
উল্লেখ্য, বাংলাদেশের জন্মের ঠিক চার মাস আগে, অর্থাৎ ১৯৭১ সালের ১২ আগস্ট সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পিপলস লিটল থিয়েটারের প্রথম মঞ্চায়িত নাটক ছিল এই টিনের তলোয়ার।১৮৭৬ সালের ব্রিটিশ সরকার কর্তৃক কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ আইনের পটভূমিকায়, বাংলা নাটকের পুরনো ইতিহাসের মধ্যে তৎকালীন সমাজের নিপীড়ন নিষ্পেষণের ছবি এই নাটকে আঁকা হয়েছে।
