দক্ষিণ সিটির সেই ময়লার গাড়ির চালক গ্রেফতার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৩:৪০

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহতের ঘটনায় অভিযুক্ত গড়িচালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার ওই চালকের নাম মো. মোর্শেদ আলমকে (২৮)। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক মোর্শেদ। তাকে আটক করতে কার্যক্রম শুরু করে র‍্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একইদিন রাত সাড়ে ১০ টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১০ এর একটি দল। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত স্বপন কুমার সরকারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। তিনি ঢাকার গেন্ডারিয়ায় এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ২৪ নভেম্বর গুলিস্তান হল মার্কেটের সামনে দক্ষিণ সিটির আরেকটি ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেক ব্যক্তি।

 

ইত্তেফাক/জেডএইচডি