ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক ও যৌন আসক্তির কথা স্বীকার জেমসের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:৪১

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস ফ্র্যাঙ্কো অবশেষে মুখ খুললেন যৌন হেনস্তার অভিযোগের বিষয়ে। স্বীকার করে নিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো। তিনি জানান, তিনি নিজের প্রতিষ্ঠানের ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সেইসঙ্গে যৌন আসক্তির বিষয়টিও জানিয়েছেন।

ঘটনার শুরু ২০১৮ সালে। ৫ নারী জেমসের বিরুদ্ধে অভব্য আচরণ ও যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এদের মধ্যে মধ্যে চারজনই ছিলেন তার অভিনয়শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী। ২০১৯ সালে সেই ছাত্রীদের দুইজন জেমসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। লিখিত অভিযোগে তারা দাবি করেন, জেমস ও তার সহকারীরা ছাত্রীদের অভিনয় শেখানোর নামে ‘সুযোগ’ নেওয়ার জন্যই ওই প্রতিষ্ঠানটি তৈরি করেছেন।

সেই অভিযোগের সবটাই মেনে নিলেন জেমস। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি বললেন, ‘আমি আমার ছাত্রীদের সঙ্গে সহবাস করেছি। সে কথা স্বীকার করছি। তবে যারা অভিযোগ করেছেন, তাদের ক্লাসের কারও সঙ্গে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি। কিন্তু যত দিন অভিনয় শিখিয়েছি, তত দিন অনেক ছাত্রীর সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। যা করা উচিত হয়নি।’

জেমসের দাবি, ছাত্রীদের সম্মতিক্রমেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। কারো অমতে এ কাজ করেননি কখনো। তবে সম্মতি থাকলেও এমন কাজের জন্য অনুতপ্ত তিনি।

ইত্তেফাক/টিআর